২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনীর জন্য দুটি নতুন যুদ্ধযান কিনবে সরকার

চলতি অর্থ বছরে নৌবাহিনীর জন্য দুটি নতুন ফ্রিগেট (যুদ্ধযান) কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থ বছরে নৌবাহিনীর জন্য দুটি নতুন ফ্রিগেট (যুদ্ধযান) কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার স্বশস্ত্র বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সংসদে এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ''সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় ও সশস্ত্র বাহিনীকে সুসজ্জিতকরণের লক্ষ্যে ১০ বছরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চলতি অর্থ বছরে নৌবাহিনীতে দুটি নতুন ফ্রিগেট যুক্ত হবে। এছাড়া চারটি টহল যান, একটি লজিস্টিক শিপ (জাহাজ), চারটি সরবরাহ যান ও চারটি আন্ডারওয়াটার স্কুটার কেনার পরিকল্পনা রয়েছে। সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য দেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় অঞ্চলে নৌ-বাহিনীর জাহাজের জন্য আশ্রয় কেন্দ্র (শেল্টার স্টেশন) হিসেবে ব্যবহারের জন্য দুটি পন্টুন নির্মাণের চুক্তির কথা জানান তিনি। ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধযানের আধুনিকায়নে সার্ফেস টু সার্ফেস আরলি ওয়ানিং রাডার, ফায়ার কন্ট্রোল ও নেভাল গান সিস্টেম, একটি অফ সোর সেলফ হাইড্রোলিক সার্ভে শিপ, দুটি অফশোর টহল ভেসেল, দুটি বড় টহল জাহাজসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি কেনার বিভিন্ন চুক্তির কথা মন্ত্রী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন। পরিকল্পনা মন্ত্রী আরো জানান, বিমান বাহিনীর উন্নয়নে বর্তমানে একটি এফ-৭ জঙ্গি বিমানের ওভারহলিং প্রকল্প, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ও অন্যান্য ক্ষেপণাস্ত্র, কক্সবাজারে একটি বিমান ঘাঁটি স্থাপন, সমুদ্র সম্পদ রক্ষায় বঙ্গোপসাগরে আকাশ পর্যবেক্ষণের ক্ষমতা অর্জনে কক্সবাজারে একটি বিমান প্রতিরক্ষা রাডার সংযোজন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে ১৩টি ১৪ তলা ভবণ নির্মাণ, আর্মি হাউজিং প্রকল্পসহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এমএসবি/২০৪২ ঘ.