২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছরের পুরনো ট্রাক রাজধানীতে শুধু রাতেই চলবে

নিষিদ্ধ ঘোষিত ২৫ বছরের পুরনো ট্রাক রাজধানীতে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসব ট্রাক শুধুমাত্র রাত ১১টা থেকে ভোর ছয়টা পর্যন্ত চলতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 10:09 AM

Updated : 25 Aug 2022, 04:21 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত ২৫ বছরের পুরনো ট্রাক রাজধানীতে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসব ট্রাক শুধুমাত্র রাত ১১টা থেকে ভোর ছয়টা পর্যন্ত চলতে পারবে। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার বাস ও ট্রাক মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ কথা জানান। তিনি বলেন, "এখন রাত ১১টা থেকে সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ২৫ বছরের পুরনো ট্রাক চলাচল করতে পারবে। তবে দিনের বেলায় নয়।" গত ১৫ জুলাই থেকে রাজধানীতে ২০ বছরের বেশি পুরনো বাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাকের বিরুদ্ধে অভিযান শুরু হয়। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) অমিতাভ সরকার বৈঠকে জানান, রাজধানীতে দিনের বেলায় এসব বাস চলাচল বন্ধ রাখছে মালিকরা। তবে রাতের বেলায় তারা বাসগুলো চালাচ্ছে। অবশ্য বুধবারের বৈঠকে শুধু ট্রাক চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়। ওদিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, লং ভ্যাহিকেল মালিক শ্রমিক ঐক্য পরিষদ সাত দফা দাবিতে তাদের ডাকা আগামী ২ আগষ্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বৈঠকে অভিযোগ করেন, ভ্রাম্যমান আদালত পরিচালনার নামে থানা পুলিশ শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে না চাইলেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় গাড়ির নিবন্ধণের মেয়াদ, ফিটনেস ও রুট পারমিট ছাড়া অন্য ত্র"টির ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রতিনিধিদের নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, বিআরটিসি চেয়ারম্যান এম এম ইকবাল, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও ঢাকা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান গনি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৬০০ঘ.