পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়ায় চরমপন্থীদের গুলিতে তিন পুলিশ নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
পাবনার বেড়া উপজেলায় চরমপন্থীদের গুলিতে নিহত হওয়া তিন পুলিশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে নিহত পুলিশের সোর্স জামির লাশ এখনো পাওয়া যায়নি।
পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে ৬টায় নিহত তিন পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়। সকাল ৮টায় ময়না তদেন্তর জন্য লাশগুলো পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ এবং র্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহর থেকে ১১০ কিলোমিটার দূরে বেড়া উপজেলার দুর্গম ঢালারচরের রাজধরদিয়াচরে গুলি করে তিন পুলিশসহ চারজনকে হত্যা করে চরমপন্থীরা।
নিহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন (৪৪), নায়েক আব্দুল ওয়াহেদ (২৬), কনস্টেবল শফিক আহমেদ (৩০) ও পুলিশের সোর্স জামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১১২২ ঘ.
bdnews24