২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় সংঘর্ষ, আহত ৬

খুলনা নগরীর হাজী মুহম্মদ মহসিন কলেজে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুদল ছাত্রের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

খুলনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর হাজী মুহম্মদ মহসিন কলেজে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুদল ছাত্রের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত কলেজটির দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের দুদল ছাত্রের মধ্যে এ ঘটনা ঘটে বলে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে। খালিশপুর থানার ওসি মোকসেদুল মোমেন জানান, বাণিজ্য বিভাগের এক ছাত্রীকে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো তার সহপাঠি বাঁধন ও তার বন্ধুরা। আজ (মঙ্গলবার) দুপুরে আবারো উত্ত্যক্ত করলে আরাফাত নামের এক ছাত্র প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাঁধন ও তার বন্ধুরা অরাফাতকে মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে আরাফাত ও তার বন্ধুরা বাঁধনকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গেলে দুই পক্ষই ক্যাম্পাস ত্যাগ করে। ঘটনার পরপরই কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ ক্লাস স্থগিত করে শিক্ষার্থীদের বাসায় চলে যেতে বলেন। সংঘর্ষে আহত অপর চারজন হলেন- সুমন, রিয়াদ, মোহন ও সোহান। বাঁধনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। অধ্যক্ষ আব্দুর রউফ জানান, উত্ত্যক্তের ঘটনায় কয়েকদিন আগেও দুই পক্ষকে ডেকে মিটিয়ে দেওয়া হয়েছিলো। তারপরও এ ঘটনাটি ঘটলো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.