ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ জুনের হরতালের আগের দিন গাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে মিরপুর থানায় দায়ের করা মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ইসমাইল হোসেন এ জামিন মঞ্জুর করেন।
গত ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন ভুইঞা এ মামলায় মীর্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত রিমান্ডের আবেদন না মঞ্জুর করে এ জামিন দেয়।
আসামীর আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের কর্তব্য কাজে বাধাদান সংক্রান্ত পল্টন থানার অপর একটি মামলায় জামিনের আবেদন করা হলে তা না মঞ্জুর করেন মহানগর হাকিম ড. আব্দুল মজিদ।
এজাহারে বলা হয়েছে, ২৭ জুন হরতালের আগের দিন রাত সাড়ে ১০ টায় বাদীর মালিকানাধীন দিশারী পরিবহনের একটি বাস মিরপুর থানাধীন স্বাধীন বাংলা মার্কেটের সামনে রাস্তায় আসলে হরতালের সমর্থনে এজাহার নামীয় ২৩ জনসহ ১৬০/১৭০ জন আসামী মারপিট করে গাড়ি ভাংচুর ও ক্ষতিসাধন করেন। এ ঘটনায় গাড়ির মালিক জামাল উদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় এ মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24