চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।
তবে এজন্য সরকারকে বাজার তদারকি ও সরকারি বিপণনকারী সংস্থা টিসিবিকে সক্রিয় করার দাবি জানান তারা।
মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে নিত্য প্রয়োজনীয় পণ্যের সার্বিক বাজার মূল্য পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব গোলাম হোসেনকে এ কথা জানান আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
সভায় চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও বাজার তদারকিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশের বড় আমদানিকারক ও পাইকারি বাজার খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম বলেন, গত বছরের তুলনায় এ বছর ভোজ্য তেল, চিনি, খেজুর, পিঁয়াজ, ছোলা, মটর ও মসুর ডালসহ কয়েকটি পণ্যের দাম কম ও সরবরাহ ভালো। এসব পণ্যের দাম ভোক্তাদের সহনীয় পর্যায়ে থাকবে।
বাজার তদারকির ওপর জোর দিয়ে খুচরা ব্যবসায়ীদের পক্ষে দোকান মালিক ফেডারেশনের সভাপতি আনাস মোহাম্মদ সালামত আলী বলেন, পাইকারি ও খুচরা বাজার তদারকি করে প্রতিদিনের মূল্য তালিকা দেওয়া থাকলে খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের সুযোগ পাবে না।
সভায় বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেন, "দ্রব্যমূল্য বাড়লে সরকারের তেমন কিছু করার নেই। র্যাব পাঠিয়ে হুমকি দিয়ে দ্রব্যমূল্য কমানো যায় না। এ ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়াও কঠিন।"
দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, রমজান এলেই লাভ করতে হবে- এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং ব্যবসায়ীদের সহনশীল মনোভাবই দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পারে।
সভায় বাজার তদারকিতে বাণিজ্য সচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমইউএস/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24