২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়াকে দেখতে গেলেন অর্থমন্ত্রী

গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে দেখতে গেছেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 04:13 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে দেখতে গেছেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অর্থমন্ত্রী স্কয়ার হাসপাতালে যান। আইসিইউতে চিকিৎসাধীন মান্নান ভূঁইয়ার শয্যা পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন তিনি। পরে চিকিৎসকদের কাছে তার সর্বশেষ অবস্থা সর্ম্পকে খোঁজ নেন অর্থমন্ত্রী। হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ কামারুজ্জামান চৌধুরীর তত্বাবধায়নে মান্নান ভূঁইয়ার চিকিৎসা চলছে। গত ৭ জুলাই মান্নান ভূঁইয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছেন না বলে কৃত্রিম যন্ত্রের সাহায্যে তিনি অক্সিজেন দেওয়া হচ্ছে। মঙ্গলবার কৃত্রিম যন্ত্রের সাহায্যে মান্নান ভূঁইয়া ৬০-৬৫ ভাগ অক্সিজেন গ্রহণ করছেন। গত এক সপ্তাহ আগে তা ছিলো ৮০-৮৫ ভাগ। তবে তার রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিকস স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রয়েছে বলে চিকিৎসকরা জানান। সর্বশেষ ৩১ মে মান্নান ভূঁইয়া ফুসফুসের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। চিকিৎসকরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। এর মধ্যে ৭ম কেমো থেরাপিটি স্কয়ার হাসপাতালে দেওয়া হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলছে। চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৭৫৪ঘ.