ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আবাদি জমি কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে 'খাদ্য নিরাপত্তা' জাতির সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আলতাব হোসেনের লেখা 'বিশ্বায়ন ও কৃষি অর্থনীতি' শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্য সংকটকে একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, "সরকার এ সমস্যা সমাধানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজ করে যাচ্ছে।"
দেশের জনসংখ্যা বছরে ২০ লাখ করে বাড়ছে-এমন তথ্য উল্লেখ করে তিনি বলেন, "এতে করে মাথা পিছু জমির পরিমাণ কমছে। পাশাপাশি শিল্পায়নসহ অন্যান্য কারণে আবাদি জমিও কমছে।"
শস্য চাষের জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে জমির উর্বরতা কমছে। এতে খাদ্যদ্রব্যের উৎপাদন কম হচ্ছে বলেও জানান তিনি।
দেশজ মোট উৎপাদনে কৃষির অবদান বর্তমানে কমে গেছে মন্তব্য করে তিনি বলেন, "বিশ্বায়নের উপর সব দোষ চাপিয়ে নিজেদের ব্যর্থতা আর দুর্বলতা ঢাকা যাবে না। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।"
জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫০ বছরে দেশের ১৭ ভাগ এলাকা ডুবে যেতে পারে-এ আশঙ্কার কথা শুনিয়ে তিনি বলেন, "ডুবে যাওয়া এলাকার মানুষকে অন্য এলাকায় সরিয়ে নিতে হবে। তখন নতুন সমস্যা দেখা দেবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম বলেন, "প্রযুক্তি ছাড়া কোন দেশের উন্নতি সম্ভব নয়। খাদ্য নিরাপত্তা বাড়াতে আমাদেরও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।"
বিশ্বে খাদ্য শস্যে উদ্বৃত্ত দেশের সংখ্যা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, "নানা কারণে জমি কমে যাচ্ছে। এজন্য খাদ্য নিরাপত্তা বাড়াতে একই জমিতে অধিক ফসল ফলানোর উদ্যোগ নিতে হবে।"
বেসরকারি সংগঠন 'গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানে'র (সিএসআরএল) সহযোগিতায় এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম (এআরএফ) এ প্রকাশনা উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) কৃষি গবেষক উত্তম কুমার দেব, এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের সভাপতি আশরাফ আলী এবং সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বইটির মোড়ক উম্মোচন করেন।
সূচীপত্র প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৭৩৮ঘ.
bdnews24