২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যু

ফেনীতে বাস চাপায় আহত পলিটেকনিকের ছাত্র মিল্লাত হোসেন সোমবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 04:14 PM

ফেনী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীতে বাস চাপায় আহত পলিটেকনিকের ছাত্র মিল্লাত হোসেন সোমবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ধূমসাদ্দা গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। মিল্লাতের মৃত্যুর খবর পেয়ে ফেনী কলেজ, পলিটেকনিক ও কমার্স কলেজ ছাত্ররা মহিপাল ও পাঁচগাছিয়া এলাকায় ৩০-৩৫ গাড়ি ভাংচুর করে। রোববার সকাল ১১টার দিকে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের সামনে গ্রীন টাউন সার্ভিসের একটি বাস একটি মটরসাইকেলকে চাপা দেয়। এতে সালাউদ্দিন নামে এক আরোহী ঘটনাস্থলেই মারা যায়। মটর সাইকেলের অপর দুই আরোহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিল্লাত হোসেন ও সাইফুল ইসলাম আহত হয়। তারা শহরে আসছিল। আহতদের প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা স্টেডিয়াম এলাকা থেকে মিছিল নিয়ে শহরের জেল রোড ও ট্রাংক রোডে পৌঁছে ভাংচুর শুরু করে। তারা শতাধিক গাড়ি ও দোকানে ভাংচুর চালায়। তারা ট্রাঙ্ক রোডে গ্রীন টাউন সার্ভিসের একটি বাসেও আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে ছাত্ররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপালে গাড়ি ভাংচুর করে ও প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম জানান, মিল্লাত পলিটেকনিক শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। এদিকে বিক্ষুদ্ধ ছাত্রদের বাধার মুখে সোমবার থেকে শহরে গ্রীন টাউন সার্ভিস চলাচল বন্ধ আছে। বাস মালিক ও পৌর কাউন্সিলররা জানান, রোববারের ঘটনায় ছাত্ররা গ্রীন টাউন সার্ভিসের সাতটি বাসে আগুন দিয়েছে। ভাংচুর করেছে ১৬/১৭টি গাড়ি। তারা লালপুল এলাকায় বাসের অস্থায়ী টার্মিনালে গিয়ে গাড়ি ভাংচুর করে সার্ভিস বন্ধ রাখতে বলে। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে টাউন সার্ভিস বন্ধ করা ও ফেনী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতিরোধক নির্মাণের দাবি জানানো হয়। সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ভিক) আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৫ ঘ.