নারায়ণগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা ও রূপগঞ্জে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আহসানুল কবির জানান, অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় সরঞ্জামাদি, ফায়ার লাইসেন্স না থাকার অভিযোগে ফতুল্লার চাঁদমারী এলাকায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান অকের্ড সোয়েটার কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার নাসির ডায়িং ও রূপসী এলাকার জনি ফিনিশিং মিল লিমিটেডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছাড়াও র্যাব ও পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৪ ঘ.
bdnews24