মাদারীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরে ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধের (লোড শেডিং) প্রতিবাদে মাদারীপুর শহরের ব্যবসায়ীরা বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করেছে।
সোমবার সকাল ১১ টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বণিক সমিতির উদ্যোগে শহরের কয়েক হাজার ব্যবসায়ী বিক্ষোভ করে। তারা দুপুর ১২টার দিকে একটি মিছিল নিয়ে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করতে যায়। কিন্তু পুলিশের বাধার কারণে তা পণ্ড হয়ে যায়।
পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৭-৮ টি বাস ভাঙচুর করে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ ও র্যাব সদস্যরা এসে তাদের সরিয়ে দেয়।
মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "বিদ্যুতের দাবিতে তাদের মিছিলের কয়েকটি বাস ঢুকে পড়লে ২-১ টির কাচ সামান্য ভাংচুর হয়।"
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, মিছিলের পাশ দিয়ে আসার সময় বাসগুলো ভাংচুর করা হয়েছে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখে।
তিনি আরো বলেন, "বিষয়টি নিয়ে আমরা মালিক ও শ্রমিক সমিতির নেতারা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবো।"
মাদারীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার তমিজউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কেউ যদি কোন অভিযোগ দায়ের করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24