ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস পর বাংলাদেশ'র একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
হেফাজতে মৃত্যুর ঘটনায় ফৌজদারি কার্যবিধি অনুসারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে আগামী ৩ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্টদের।
এছাড়া রমনা থানায় হেফাজতে থাকা অবস্থায় বাবুল গাজীর মৃত্যুর ঘটনা সম্পর্কে আগামী ১৯ আগস্ট হলফনামা দাখিল করতে রমনা থানার ওসি শিবলী নোমানকে নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে এই মৃত্যু সম্পর্কে ১৯ আগস্ট আদালতে সশরীরে হাজির হয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাসকে।
একই দিনে হেফাজতে মৃত্যুবরণকারীর চিকিৎসা সম্পর্কিত সব দলিল আদালতে হাজির করতে বলা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালককে।
সোমবার আদালতে সশরীরে হাজির হতে বলা ছয় পুলিশ কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন। এরা হলেন- গুলশান ও দারুস সালাম থানার ওসি, গুলশান থানার উপপরিদর্শক আনিসুর রহমান, দারুস সালাম থানার উপপরিদর্শক মাসুদুর রহমান, দারুস সালাম থানার দুই সহকারী উপপরিদর্শক।
কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করে আদালত বলে, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় আদালত যে কোনো ব্যক্তি, যত প্রভাবশালীই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদালত দেখতে চায় ভবিষ্যতে হেফাজতে মৃত্যুর ঘটনাকে মানুষ ইতিহাস হিসেবে জানবে।
আদালতে মামলটি পরিচালনা করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং আ্যাডভোকেট এলিনা খান। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে রহমান।
এর আগে গত ৫ জুলাই পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দেয় আদালত।
এছাড়া আদালত রিট আবেদনে শুনানিতে সহায়তার জন্য ১১ সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে।
এরা হলেন- ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমির উল ইসলাম, ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার এম জহির, সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, আব্দুল বাছেত মজুমদার, আব্দুল মতিন খসরু, আনিসুল হক ও ইউসুফ হোসেন হুমায়ুন।
ঢাকায় পর পর কয়েকটি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় গত ৫ জুলাই রিট আবেদনটি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস পর বাংলাদেশ।
স
bdnews24