ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ঘণ্টা বন্ধ থাকার পর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে সোমবার বেলা ১ টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।
টোল মওকুফের দাবিতে সিএনজি অটোরিক্সা চালকরা সকাল ১০ টার দিকে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
তারা একটি মটর সাইকেল পুড়িয়ে দেয়।
পূর্ব ঘোষণা ছাড়াই অটোরিক্সা চালকরা এই কর্মসূচি শুরু করে।
স্থানীয় সাংসদ নসরুল হামিদ দীপু এবং কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অটোরিক্সা চালকরা দুপুর ১ টার দিকে সরে গেলে সেতুতে যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চালকরা সেতুর দক্ষিণ প্রান্তে অবস্থান নেয় এবং দফায় দফায় মিছিল করে সেতুর টোল পুরোপুরি মওকুফের দাবি জানায়।
বিক্ষুব্ধ চালকরা বেলা সাড়ে ১২টার দিকে একটি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ কর্মী উৎপল চক্রবর্তীর একটি মটর সাইকেল জ্বালিয়ে দেয়।
সিএনজি আটো রিক্সা চালক জহির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে প্রতিবার পরাপারের ক্ষেত্রে তাদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। এতে দিন শেষে মালিককে ভাড়া পরিশোধ করে তাদের কিছুই থাকেনা।
টোল পুরোপুরি মওকুফ করলে তাদের কিছুটা সুবিধা হয়।
জহির জানান, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করবে।
সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা হুমায়ুর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজি অটোরিক্সার জন্য ১৫ টাকা করে টোল নির্ধারিত রয়েছে। প্রায় এক মাস আগে ইজারাদারের মেয়াদ শেষ হওয়ার পর সড়ক ও জনপথ দায়িত্ব নেয়।
ইজারাদার সিএনজি অটোরিক্সার কাছ থেকে ১০ টাকা করে নিতো। সড়ক ও জনপথ বিভাগ দায়িত্ব নেওয়ার পর টোল ১৫ টাকা করলে অটোরিক্সা চালকরা আন্দোলন শুরু করে। পরে তাদের দাবি মেনে ১০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, "সোমবার তাদের তৎপরতার কথা সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।"
সেতুর উত্তর দিকে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "সিএনজি অটোরিক্সা চালকরা আন্দোলন করায় সকাল ১০ টার দিকে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় জন প্রতিনিধি ও উর্ধ্বতন কর্মকর্তারা চালকদের সঙ্গে কথা বলার পর চালকরা সরে গেলে বেলা ১ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কেএমএস/১৩৩৮ ঘ.
bdnews24