দিনাজপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে। এর আগে তারা খনি ঘেরাও করে।
সোমবার দুপুরে পৌনে ৩টার দিকে জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬০০ ঘরবাড়ি ও স্থাপনার ক্ষতিপূরণ চেয়ে পার্বতীপুর-ফুলবাড়ী সড়ক ও রেলপথ অবরোধ করে ক্ষতিগ্রস্তরা।
এ সময় তারা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ বেল্ট কেটে দেয়। ফলে খনি থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সকাল থেকে তারা কয়লা খনির কার্যালয় ঘেরাও করে রেখেছে।
জীবন ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি পালন করছে বড়পুকুরিয়া কয়লা খনিসংলগ্ন ১১টি গ্রামের প্রায় তিন হাজার মানুষ।
তারা খনিটির দুটি প্রবেশ মুখে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সন্ধ্যা পৌনে সাতটায় অবরোধ চলছিলো।
আন্দোলনকারীরা গাছ ও বড় পাথর ফেলে পার্বতীপুর-ফুলবাড়ী সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
দুপুরে তিনটার পর পার্বতীপুর থেকে খুলনা রুটে কোনো ট্রেন ছেড়ে যায়নি। খুলনা থেকে পার্বতীপুরেও কোনো ট্রেন আসেনি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুল ফেরদৌসের নেতৃত্বে সোমবার সকাল থেকেই খনি কার্যালয়ের দুই ফটকে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জালালউদ্দিন ও মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষ প্রতি বছর ক্ষতিগ্রস্ত এলাকার শস্য বাবদ ক্ষতিপূরণ দিয়ে থাকে। কিন্তু তাদের ফেটে যাওয়া ও ভেঙ্গে পড়া ঘরবাড়ির জন্য কোনো ক্ষতিপূরণ দেয় না।
জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের জন্য ক্ষতিপূরণের দাবিতে গত শনিবার জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়।
রোববার খনি কর্তৃপক্ষের কাছেও একই আবেদন জানিয়ে একটি চিঠি দেওয়া হয়।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বলেন, কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্ত ৬৪৬ একর জমি ও স্থাপনার ক্ষতিপূরণে ৭১ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার থেকেই ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট হাসান মো. শওকত আলী ও র্যাব-৫ এর কর্মকর্তা ক্যাপ্টেন আহসান রক্ষা কমিটির নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারেননি তারা।
এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহ বেল্ট কেটে দেওয়ার ঘটনায় কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমান কয়লা মজুদ আছে তা দিয়ে ৪-৫ দিন কাজ চলবে।
রাতে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০ টায় খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান সম্পদ রক্ষা কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
সাড়ে ১১ টা পর্যন্ত চলা ওই বৈঠকে দুপক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করে যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সঙ্গে কথা বলে প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বলে বেরিয়ে আসেন সম্পদ রক্ষা কমিটির নেতারা। রাত সাড়ে ১২টা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত জানাননি বলে ইউএনও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/এমএসবি/০০৩০ ঘ.
bdnews24