ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে গত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এডিপি'র শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছেন। এজন্য চলতি জুলাই মাসের মধ্যেই এডিপি বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন তিনি।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
সভায় ৪৩ জন সচিব উপস্থিত ছিলেন। তবে এদের মধ্যে ১৩ জন বক্তব্য রাখার সুযোগ পান বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আব্দুল আজিজ।
সভা শেষে আব্দুল আজিজ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত অর্থবছরে এডিপি'র ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে সভায় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
একইসঙ্গে তিনি চলতি অর্থবছরে এডিপি'র শতভাগ বাস্তবায়নের পরামর্শ দেন। এজন্য চলতি জুলাই মাসের মধ্যেই বাস্তবায়ন কর্মপরিকল্পনা এবং ক্রয় পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেন।
এসব পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তাদের মাঠ পর্যায়ে তদারকিও করতে বলেন প্রধানমন্ত্রী।
সভায় খাদ্য সচিব দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, "রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে খাদ্য সংকট সৃষ্টি করে খাদ্যসামগ্রীর মূল্য বাড়িয়ে থাকে। এ ব্যাপারে প্রশাসনের সকলকে সতর্ক থাকতে হবে। খাদ্য মূল্য যাতে কোনভাবেই বেড়ে না যায়, সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।"
খাদ্য মূল্য নিয়ন্ত্রণে তিনি চাল, ডাল, গম, ছোলাসহ বিভিন্ন পণ্য আমদানির নির্দেশ দেন। একইসঙ্গে এসব পণ্য সরকারিভাবে আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যকর করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে দেওয়া সরকারি ভর্তূকির প্রায় চার হাজার কোটি টাকা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের প্রতি নির্দেশ দেন।
এছাড়াও সভায় আগামী ২০১৩ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন সাত হাজার মেগাওয়াটে উন্নীত করা, ভাড়ায় চালিত (রেন্টাল) এবং দ্রুত ভাড়ায় চালিত (কুইক রেন্টাল) বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ১৩টি চুক্তির মাধ্যমে প্রায় এক হাজার ৩১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
ভূমি অধিগ্রহণের কারণে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা এড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ডকে গ্রহণ করা হবে না। প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করতে হবে।
প্রধানমন্ত্রী রাজধানী কেন্দ্রিক কর্মকাণ্ড বিকেন্দ্রিকরণের নির্দেশ দিয়ে বলেন, ভবিষ্যতে রাজধানীর ওপর চাপ কমাতে জেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকাণ্ডকে জোরদার করতে হবে। জেলা পর্যায়ে আবাসনের ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কমিউটার সার্ভিস চালু করতে হবে। যাতে নগরীর ওপর চাপ কমানো যায়।
এছাড়াও বস্তিবাসীদের পুনর্বাসন এবং তাদের ঘরে ফেরাতে সরকারের পক্ষ থেকে নেওয়া কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও সভায় আলোচনা করা হয়। এজন্য এসব মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ঢাকামুখী তৎপরতা বন্ধেরও ব্যবস্থা নিতে বলা হয়।
সভায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত পুলিশ বাহিনীতে ১৩ হাজার নতুন লোক নিয়োগ দিয়েছে। আরো ৩২ হাজার নিয়োগের প্রক্রিয়া চলছে। এসব লোক নিয়োগ করা হলে ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন হবে।
প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত প্রায় ২৬ হাজার লোক নিয়োগ দিয়েছে। ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারির পদোন্নতি দেওয়া হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে সাড়ে চার হাজার চিকিৎসক ও চার হাজারের বেশি সেবিকা নিয়োগ করা হয়েছে।
প্রশাসনে আরো প্রায় দুই লাখ পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণ করে প্রশাসনকে আরো গতিশীল ও দক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের দক্ষতা বাড়াতে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই 'জনপ্রশাসন আইন, ২০১০' প্রণয়নের কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। এতে প্রশাসনের দক্ষতা আরো বাড়বে।
তিনি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য 'পারফরমেন্স বেইস ইভ্যালুয়েশন সিস্টেম (পিবিইএস)' পদ্ধতিতে পদোন্নতি ও মূল্যায়নেরও নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
এছাড়াও প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, সন্ত্রাসী ও জঙ্গিদের সম্পর্কে সতর্ক থেকে জঙ্গি বিরোধী তৎপরতা জোরদার করতেও সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭৩৫ ঘ.
bdnews24