২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ৯ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে মাগুরায় নয় চিকিৎসকের বেতন-ভাতা বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 02:01 PM

মাগুরা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে মাগুরায় নয় চিকিৎসকের বেতন-ভাতা বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকদের বিরুদ্ধে এ নির্দেশ দেন সিভিল সার্জন ডা. হুমায়ুন মোল্লা। এরা হলেন- হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. যাদব চন্দ্র মণ্ডল, চিকিৎসা কর্মকর্তা ডা. খন্দকার নাসিম হাসান, ডা. কামরুজ্জামান, ডা. আরিফুজ্জামান, ডা. সেলিম রেজা, ডা. আব্দুস সালাম, ডা. রওনক জাহান উর্মি, ডা. শাহানা সরোয়ার ও ডা. রোমানা আক্তার। শনিবার সকালে এ হাসপাতালে বিষপানে অুসস্থ এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসক উপস্থিত না থাকায় আর্জিনা খাতুন (১৪) নামের ওই মেয়েটির মৃত্যু হয় বলে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযোগ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী দেলবার হোসেনসহ এলাকাবাসীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে চরমহেশপুর গ্রামের দলিল উদ্দিনের মেয়ে চরমহেশপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আর্জিনা কীটনাশক পান করলে তাকে দারিয়াপুর হাসপাতালে আনা হয়। এ সময় 'ডাক্তার না থাকায় চিকিৎসার অভাবে' কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আর্জিনার স্বজনসহ উপস্থিত জনতা হাসপাতাল গেটে তালা দিয়ে ঘেরাও করে রাখে। পরে শ্রীপুর থানা পুলিশ ও মাগুরা সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল করিম জানান, পূর্ব অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে হাসপাতালের নয় চিকিৎসকের বেতন ভাতা বন্ধের নির্দেশ দেন। সিভিল সার্জন ডা. হুমায়ুন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অফিস চলাকালে প্রত্যেক চিকিৎসকেরই কর্মস্থলে থাকার কথা। এর ব্যত্যয় ঘটায় অভিযুক্তদের বেতন-ভাতা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।" শ্রীপুর থানার ওসি আব্দুস সালেক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.