২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে আহত ৬

শহরের গলাচিপা ডিএন রোডে শনিবার ভোরে আগুনে পুড়ে ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

নারায়ণগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের গলাচিপা ডিএন রোডে শনিবার ভোরে আগুনে পুড়ে ছয়জন আহত হয়েছেন। গুরুতর দগ্ধ মানিক ( ৩৮), সিদ্দিক (৩৫), পাশা (৩৪), জাহাঙ্গীর (৩২), কামাল (৩২) ও আলমগীরকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এরা ওখানে একটি বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকেন। সবার বাড়ি পটুয়াখালির বাউফল উপজেলায়। এখানে থেকে তারা বাড়ি বাড়ি সিরামিক সামগ্রী ফেরি করেন। এলাকাবাসীর বরাত দিয়ে বাড়ির মালিক জানান, জানালা দিয়ে ছোড়া সিগারেটের পোড়া অংশ গ্যাসের রাইজারে পড়ে আগুন লেগেছে। বাড়ির মালিক আব্দুর রহমান জানান, বাড়িটিতে এ ছয়জন ছাড়া রাব্বানা নামের আরো এক তরুণীও ছিল। তার অবস্থান সম্পর্কে তিনি আগে জানতেন না। ঘটনাটি রহস্যজনক বলে তিনি জানান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ছয়জন দগ্ধ হওয়ার খবর পেয়েছেন। তবে কিভাবে আগুন লেগেছে নিশ্চিত হওয়া যায়নি। বাড়িটিতে ছয়জন না সাতজন ছিল সে ব্যাপারে তারা নিশ্চিত নন। এদিকে, শুক্রবার রাতে বন্দর উপজেলার কদমরসুল এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে মায়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একটি জীবন বীমা কোম্পানির মাঠ কর্মী। তার স্বামী মনির হোসেন সৌদি আরব থাকেন বলে পুলিশ জানিয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রমিদ জানান, শুক্রবার রাতে চুলায় রান্নার করার সময় গ্যাসের চাপ হঠাৎ বেড়ে গেলে তার গায়ে আগুন লেগে যায়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.