২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হবে'

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

সিলেট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলায় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা শুধু আলেম, ইমামতি ও দোয়া-কালামে সীমাবদ্ধ না থেকে সরকারের বিভিন্ন পদে কাজ করার সুযোগ পেলে দেশ উপকৃত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে এবার দেশের ২০টি মাদ্রাসাকে এক কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। উপজেলা অডিটোরিয়ামে আয়াজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫০০ উপকারভোগীর মধ্যে প্রায় ১০ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান প্রমুখ। এরপর বিকালে শিক্ষামন্ত্রী জেলার গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের অনুদানের অর্থ বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, এ সরকারের চলমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হলে দেশে আর কোনো দরিদ্র জনগোষ্ঠী থাকবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আলতাফুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আওয়মী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.