২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাঁত শ্রমিকদের ধর্মঘট পঞ্চম দিনে

চাকরি স্থায়ীকরণ, ছুটি সুবিধা ও মজুরি বাড়ানোসহ ১৩ দফা দাবিতে নরসিংদীতে শনিবার পঞ্চম দিনের মতো তাঁত শ্রমিকদের ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 02:03 PM

নরসিংদী, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি স্থায়ীকরণ, ছুটি সুবিধা ও মজুরি বাড়ানোসহ ১৩ দফা দাবিতে নরসিংদীতে শনিবার পঞ্চম দিনের মতো তাঁত শ্রমিকদের ধর্মঘট চলছে। গত মঙ্গলবার থেকে নরসিংদী টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের ডাকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫ হাজার তাঁত বন্ধ রয়েছে। জেলা টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবি নিয়ে সমঝোতায় বসার জন্য ডাকলেও তাঁতকল মালিকরা বসেনি। তিনি বলেন, "আমরা সমঝোতা চাই। তবে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।" নরসিংদী শহরের চৌয়ালা টেক্সটাইল মিল মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. নান্নু আলী খান অভিযোগ করেন, শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী সাধারণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে কারখানাগুলো বন্ধ রেখেছে। নরসিংদী জেলা পাওয়ারলুম মালিক সমিতির সভাপতি এ কে ফজলুল হক বলেন, সাধারণ শ্রমিকরা কাজ করতে চায়। কিন্তু শ্রমিক নামধারী সন্ত্রাসীদের ভয়ে তারা কাজে যোগ দিতে পারছে না। তিনি দাবি করেন, দেশের অন্যান্য এলাকার চেয়ে এখানকার শ্রমিকরা বেশি সুযোগ সুবিধা পায়। কিছু চাঁদাবাজ পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭০৪ ঘ.