মাদারীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় সন্নাসীরচর গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের বোমা হামলায় ৫ জন আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
কুয়েত প্রবাসী দুলাল খালাসীর মা আছিয়া বেগম জানান, মুখোশধারী ৮/১০ জনের ডাকাত দল ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা ও ৭ টি মোবাইল ফোন সেট লুটে নেয়।
পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে ডাকাতরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আরিফ খালাসী (১৭), লিটন খালাসী (২৮), শহীদ খালাসী (৩৫), আছিয়া বেগম (৬৫) ও নাছিমা আক্তার (৩৫) আহত হয়।
শিবচর থানার ওসি মো. আবদুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বোমার আঘাতে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭০৩ ঘ.
bdnews24