ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কলাবাগানের রোকনউদ্দিন বাবুর মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মাদক ব্যবসার চাঁদা ও উত্ত্যক্ত করার কারণে এই হত্যাকান্ড ঘটেছে বলে গেপ্তারকৃত আসামীরা স্বীকার করেছে।
গত ৩০ এপ্রিল কাঠালবাগানের ১৩৭/৪ ফ্রি স্কুল স্ট্রীটে গ্যাস্ট্রোলিভার গলিতে রোকনউদ্দিন বাবুকে গুলি করে হত্যা করে মোঃ সাহাবুদ্দিন সাবু (২৫) ও মোঃ খায়রুল ইসলাম বাবু (২৩)। প্রতিমাসে পাঁচ হাজার করে টাকার বিনিময়ে তাদেরকে এই হত্যাকান্ডের জন্য নিয়োগ করে গাজা ব্যবসায়ী নাসিমা আক্তার মুক্তা (৩৮)।
শুক্রবার বিকালে তাদের র্যাব-২ আগারগাঁও কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
র্যাবের উপ-পরিচালক আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, হত্যাকান্ডের পরে থানা পুলিশের পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে। আগে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়। কিছূদিন আগে মাইদুল ইসলামকে গ্রেপ্তারের পর পুরো ঘটনার জট খুলতে শুরু করে।
তিনি বলেন, ১৬ জুলাই খিলক্ষেত থেকে সাবু ও বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তুল ও বিদেশী রিভলভার উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাঠানবাগানের ফ্রি স্কুল স্ট্রীট থেকে মুক্তাকে গ্রেপ্তার করা হয়।
সাহাবুদ্দিন সাবু বলেন, "মুক্তাকে নিহত রোকনউদ্দিন বাবু নানাভাবে উত্ত্যক্ত করত। মুক্তা কাঠালবাগানে গাজার ব্যবসা করে। সেখান থেকে বাবু প্রতিদিন এক হাজার করে টাকা আদায় করত। তাই তিনি প্রতিমাসে পাঁচ হাজার করে টাকার বিনিময়ে তাকে মারার জন্যে আমাদের বলেন। আমরা টাঙ্গাইলের বাবুর কাছ থেকে অস্ত্র ধার নিয়ে তাকে গুলি করে মারি।"
তবে মুক্তা দাবী করেন, আগে গাজার ব্যবসা করলেও এখন করেন না। তবে বাবু তাকে উত্ত্যক্ত করায় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24