চাঁদপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারণ ক্ষমতার দ্বিগুনেরও বেশি বন্দি নিয়ে যাত্রা শুরু করেছে চাঁদপুরের নবনির্মিত কারাগার।
শহরের বাবুরহাট এলাকায় এই কারাগার শুক্রবার সকালে যাত্রা শুরু করে। ২ শ বন্দি ধারণক্ষমতা সম্পন্ন এ কারাগারে সকাল থেকে ৪৮৪ জন কয়েদীকে আনা হয়।
চাঁদপুর জেলা কারাগারের জেলর শংকর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবনির্মিত কারাগারে ২শ বন্দি ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু পুরান কারাগার থেকে ৪৮৪ জন বন্দিকে সেখানে নেওয়া হয়েছে। এতে তেমন সমস্যা হবে না।
১৯৯৭ সালে বাবুরহাটে ১০ একর জায়গার উপর এ কারাগারের নির্মাণ কাজ শুরু হয়। ১৩ বছরে ২৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ২০০৯ সালের শেষদিকে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। গণপূর্ত বিভাগ কারাগার নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
এখানে সাজাপ্রাপ্ত কয়েদীদের জন্য ১টি ভবন, বিচারাধীন মামলার কয়েদীদের জন্য ২টি ভবন, শিশুদের জন্য ১টি এবং মহিলাদের জন্য ১টি ভবন তৈরি করা হয়েছে। ভয়ঙ্কর কয়েদীদের জন্য ৩টি সেল রাখা হয়েছে। সেখানে প্রতিজনের ১টি করে মোট ৯টি কক্ষ রয়েছে। কয়েদীদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল রয়েছে।
জেলর শংকর মজুমদার জানান, নতুন কারাগারে ৪৮৪ জন বন্দির মধ্যে ২০ জন নারী ও ৪৬৪ জন পুরুষ। এদের মধ্যে ৪৪৪ জন বিচারাধীন মামলার আসামি এবং ৪০ জন সাজাপ্রাপ্ত বন্দি।
তিনি জানান, জেলা কারাগারের ৪৫ জন এবং পুলিশ লাইন থেকে আনা ৩৩ জন পুলিশ সদস্য পুরাতন কারাগার থেকে নবনির্মিত কারাগারে আসামি সরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪৮ ঘ.
bdnews24