বরিশাল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর কাউনিয়া মেইন রোডে ঠাকুর বাড়ীর একটি কালী মন্দিরে কে বা কারা প্রতিমা ভাংচুর করেছে।
বৃহস্পতিবার রাতে যে কোন সময়ে এই ঘটনা ঘটে।
মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাউনিয়া মেইন রোড ঠাকুর বাড়ীতে প্রয়াত ফেলু চক্রবর্তীর নামে ফেলু বাবুর কালী মন্দির প্রতিষ্ঠিত হয় বাংলা ১৩৬৭ সালে। ফেলু বাবুর পরিবারের লোকজনই ওই মন্দিরের রক্ষণাবেক্ষন ও তদারকী করেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের দরজায় তালা দেন ফেলু বাবুর ছেলে রতন চক্রবর্তী।
শুক্রবার সকালে বাড়ীর লোকজন প্রার্থণা করতে গিয়ে দেখে মন্দিরে কয়েকটি প্রতিমা ভাঙ্গা। তারা এ ঘটনা অন্যান্যদের জানায়।
খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রতন চক্রবর্তী জানান, রাতের আধারে কে বা কারা মন্দিরে ঢুকে শিবঠাকুরের (মহাদেব) মাথা, গলা, জিহ্বা ও হাত ভেঙ্গে ফেলেছে। ভেঙ্গে নিয়ে গেছে শিবঠাকুরের দুটি পা।
এ ছাড়া সরস্বতীর একটি প্রতিমা ভেঙ্গে ফেলেছে এবং একটি নিয়ে গেছে। ঘুড়িয়ে রেখেছে কালী প্রতিমার মুখ। এ ছাড়া গণেশ ও লক্ষ্মীর প্রতিমার ক্ষতি করেছে।
রতন চক্রবর্তী বলেন, এ জন্য তারা কোন ব্যক্তি বা চক্রকে সন্দেহ করছেন না।
কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মন্দিরের প্রতিমার নীচে কোন গুপ্তধন কিংবা স্বর্ণালংকার থাকতে পারে- এমন ধারনা থেকেই কেউ সেখানে হানা দিয়ে থাকতে পারে। গুপ্তধনের খোঁজে মহাদেব মূর্তি সরানোর সময় সেটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ থানায় কোন অভিযোগ দেবে না বলে তাকে জানিয়েছেন।
পুলিশ কমিশনার ডা. আব্দুর রহিম জানান, বিষয়টির তদন্ত হচ্ছে। তদন্ত সম্পন্ন হলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০৮ ঘ.
bdnews24