ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের একটি জলাশয় থেকে শুক্রবার সকালে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
নিহত হিমেল কেরানীগঞ্জের মাদারীপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। ইব্রাহিম একটি ওষুধের দোকানের মালিক।
প্রতিবেশী এক যুবক অপহরণের পর হিমেলকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৬টায় কেরানীগঞ্জের মুসলিমাবাদ বটতলা মাঠের পাশের জলাশয়ে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে হিমেলের স্বজনরা সেখানে যায়। এরপর তারা লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হিমেলের চাচা ইস্রাফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে হিমেলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তখনই সন্দেহ হচ্ছিলো, পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়া রানা তাকে অপহরণ করেছে।
রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে জানিয়ে তিনি বলেন, হিমেল নিখোঁজ হওয়ার পর রানাকে তার বাসায় পাওয়া যায়নি। একই এলাকায় বসবাসকারী রানার কয়েকজন আত্মীয়কেও তাদের বাসায় পাওয়া যায়নি। রানার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকার কথা বলে।
হিমেল নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রানাকে সন্দেহ করার কারণ জানতে চাইলে ইস্রাফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিমেলের বোন শিখার সঙ্গে রানার প্রেমের সম্পর্ক ছিলো। এতে বাধা দেওয়ায় রানা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিলো।
এ বিষয়ে গত ৫ জুন কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয় বলেও তিনি জানান।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিমেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। তবে তার নাক দিয়ে রক্ত ঝরেছে। হিমেল পানিতে পড়ে মারা গেছে, না তাকে ডুবিয়ে মারা হয়েছে
bdnews24