২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুলের দাফন শুক্রবার

রাজধানীর আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে সদ্যপ্রয়াত অভিনেতা বুলবুল আহমেদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে সদ্যপ্রয়াত অভিনেতা বুলবুল আহমেদকে। প্রবাসী মেয়ে ও ছেলে দেশে ফিরে এলে শুক্রবার তার দাফন হবে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বুলবুল আহমেদ (৭০) মারা যান। তার মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালে হিমঘরে রয়েছে। বুলবুলের স্ত্রী ডেইজী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শুক্রবার বুলবুল আহমেদের দাফন হবে আজিমপুরে। এর আগে গুলশান মসজিদে বাদ জুম্মা, এরপর বিটিভি ও এফডিসিতে নামাজে জানাজা হবে।'' বুলবুল আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমান, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ পৃথক বানীতে শোক প্রকাশ করেন। পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে গুলশানের নিকেতনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতলে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বুলবুল আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং বহুমূত্ররোগসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ডেইজী আহমেদ, দুই মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের সূর্যকন্যা, সীমানা পেরিয়ে ও মহানায়ক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন বুলবুল আহমেদ। তবে সবচেয়ে জনপ্রিয় হন চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিয়ের মাধ্যমে। অভিনয় জীবনে বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক এইসব দিনরাত্রি দর্শকের কাছে তাকে আরও পরিচিত করে তোলে। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন তিনি। বুলবুল আহমেদ ১৯৭৩ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন 'ইয়ে করে বিয়ে' ছবিটির মধ্য দিয়ে। এ ছবিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, পরবর্তীতে তার প্রযোজিত প্রথম ছবি 'জীবন নিয়ে জুয়া'র কেন্দ্রীয় চরিত্রটিতে অভিনয় করেছিলেন এই শিল্পী। এরপর তিনি 'সীমানা পেরিয়ে', 'রুপালী সৈকতে', 'দেবদাস', 'মহানায়ক', 'শুভদা' প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন। অভিনয় এর পাশাপাশি বুলবুল আহমেদ ৪টি ছবিও পরিচালনা করেছেন। তার পরিচালিত ছবিগুলো হলো 'রাজলক্ষী শ্রীকান্ত, 'আর্কষণ', 'গরম হাওয়া' এবং 'কত যে আপন'। চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি টিভি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হলো- ধারাবাহিক নাটক 'এই সব দিনরাত্রি'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০০০ঘ.