সাভার, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃংখলা সৃষ্টির অভিযোগে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার ৬৫ শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে ডিইপিজেডের পুরাতন জোনে 'জিবি গামের্ন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে' এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে গত ৭ জুলাই কারখানাটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার থেকে আবার খুলে দিলে সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় আসে। কারখানায় এসে তারা বিজ্ঞপ্তিতে জানতে পারে- বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কর্তৃপক্ষ ৬৫ জন শ্রমিককে সাময়িক বরখান্ত করেছে।
এছাড়া কারখানার ভেতর কোনো বিশৃঙ্খলা করবে না মর্মে মুচলেকা নিয়ে বাকি শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেয়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বরখাস্ত একাধিক শ্রমিক অভিযোগ করেন, বিনা অপরাধে কর্তৃপক্ষ তাদের বরখাস্তের নোটিশ দিয়েছে। তারা কাজে পুনর্বহালের দাবি জানান।
এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ডিইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি সিরাজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৩২ ঘ.
bdnews24