ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---জীববৈচিত্র্য রক্ষায় গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে 'বায়োডাইভারসিটি ন্যাশনাল এসেসমেন্ট অ্যান্ড প্রোগ্রাম অব অ্যাকশন ২০২০' শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, "জীববৈচিত্র্য রক্ষায় আমাদের আচার-আচরণে পরিবর্তন ঘটাতে হবে। এ বিষয়ে সৃষ্টি করতে হবে ব্যাপক গণসচেতনতা।"
জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়নসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান জানান, দেশে জলবায়ু পরিবর্তন বিষয়ে যেভাবে গণসচেতনতা সৃষ্টি হয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে তেমন সচেতনতা সৃষ্টি হয় নি। অথচ জীববৈচিত্র্যের সঙ্গে মানুষের জীবন-জীবিকা অঙ্গাঙ্গীভাবে জড়িত।
অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম প্রতিবেদন বাস্তবায়নে সবার অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আব্দুল মোতালেব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহকারি আবাসিক প্রতিনিধি এম আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।
জাতিসংঘ জীববৈচিত্র্য সনদ (কনভেনশন অন বায়োলোজিক্যাল ডাইভারসিটি-সিবিডি) এর অংশীদার হিসেবে জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা, অবক্ষয়ের ধারা, জীববৈচিত্র্য টিকে থাকার ক্ষেত্রে হুমকিগুলো বিশ্লেষণ এবং ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যান-বাস্তবায়নের অগ্রগতি নিরূপণ, জীববৈচিত্র্য্য সংরক্ষণে সাফল্য ইত্যাদির উপর ভিত্তি করে বায়োডাইভারসিটি ন্যাশনাল এসেসমেন্ট অ্যান্ড প্রোগ্রাম অব এ্যাকশন ২০২০ প্রণীত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২৩৫ ঘ.
bdnews24