২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো জগন্নাথদেবের রথযাত্রা

অত্যন্ত জাঁকজমকের সঙ্গে শাঁখারী বাজার মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অত্যন্ত জাঁকজমকের সঙ্গে শাঁখারী বাজার মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা। মঙ্গলবার বিকালে শুরু হওয়া এ রথযাত্রায় ছিলো ভক্তদের উৎসবমুখর মিছিল। আর মন্দির এলাকায় আয়োজিত মেলায়ও দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। ভক্তরা জানান, ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত গিয়ে রথের ফিরতি যাত্রা শুরু হবে। ধর্মীয় রীতি অনুসারে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয় এবং একাদশী তিথিতে শুরু হয় প্রত্যাবর্তন বা ফিরতি রথ। রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় আটদিন পর আবার সেখানই ফিরিয়ে আনা হয়। ভক্তদের কাছে যার পরিচয় উল্টো রথ নামে। ভক্তদের বিশ্বাস জগতের নাথ বা অধীশ্বর যিনি তিনিই জনন্নাথ। তার অনুগ্রহ পেলেই মানুষের মুক্তিলাভ হয়। হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এ রথযাত্রা। এতে রথের ওপর দেবতাদের মূর্তি স্থাপন করে রথ চালানো হয়। ভক্তদের বিশ্বাস রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না। মুক্তির প্রত্যাশায় তাই জগন্নাথদেবের কৃপা প্রার্থণা করে পালন করা হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা। জগন্নাথ দেবের রথযাত্রার প্রধান কেন্দ্র উরিষ্যার সমুদ্রতীরবর্তী পুরীধাম। সেখানকার রথযাত্রার অনুসরণেই পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথদেবের রথযাত্রার উৎসব পালিত হয়। রথযাত্রায় অংশ নেওয়া পার্থ প্রতিম দাস বলেন, "এদিন কলাগাছ রোপন করলে তাতে বেশি কলা ধরে এবং দিনের পূর্বভাগে মেঘ ডাকলে অগ্রিম বর্ষা হয়, আর পরভাগে ডাকলে বর্ষার আগমন বিলম্ব হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/এসএএ/২১২৭ঘ.