সাভার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ের কায়েতপাড়ায় শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব মঙ্গলবার শুরু হচ্ছে।
ধামরাই পৌরসভার কায়েতপাড়ায় মাধব মন্দির ও রথ পরিচালনা পরিষদ ইতোমধ্যে সব আয়োজন শেষ করেছে।
এ উৎসবকে সামনে রেখে এলাকায় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সদস্য সুকান্ত বণিক।
তিনি জানান, অনুষ্ঠানের মধ্যে সকাল ১০টায় উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। বিকাল সাড়ে ৩টায় কায়েতপাড়ার অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনের পর উৎসবে আগত নর-নারীরা ধামরাই পৌর এলাকার কায়েতপাড়া থেকে মুর্তিসহ রথটি রশি ধরে টেনে কথিত মাধবের শ্বশুর বাড়ি যাত্রাবাড়ি নিয়ে যাবেন এবং সেখান থেকে নয়দিন পর ২১ জুলাই তা আবার টেনে আগের স্থানে আনা হবে। এটাকে বলা হয় উল্টোরথ।
উৎসব উপলক্ষে একমাস মেলা চলবে।
ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, রথ উৎসব ও মেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি এক হাজার পুলিশ, র্যাব মোতায়েন থাকবে। এছাড়ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24