২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা পীড়িতদের বিদেশ যেতে বিশেষ সুবিধা

মঙ্গা এলাকার সুবিধা বঞ্চিতদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ৪ ভাগ কোটা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 11:13 AM

Updated : 25 Aug 2022, 01:46 PM

ঢাকা, জুলাই ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গা এলাকার সুবিধা বঞ্চিতদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ৪ ভাগ কোটা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সোমবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, "কোটা সুবিধার মাধ্যমে মঙ্গা এলাকা থেকে ২০০৮ সালে ১২ হাজার ৩৮ জন এবং গত বছর ৫ হাজার ৮৯২ জন কর্মী বিদেশে পাঠানো হয়েছে।" সাংসদ এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নে লিখিত জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে বিভিন্ন দেশে ৪ লাখ ২৭ হাজার ২০২ জন বাংলাদেশী কর্মী প্রেরণ করা হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৪ টা ২০ মিনিটে সংসদে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থ বছরের ৭৫ হাজার ৮৯৩ কোটি ৪৯ লাখ টাকা রেমিটেন্স এসেছে। এ কে এম রহমতুল্লাহ'র এক প্রশ্নের লিখিত জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, প্রতিটি জেলা প্রশাসক কার্যালয়ে 'প্রবাসী কল্যাণ শাখা' স্থাপন করা হয়েছে। একজন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করে পদায়ন করা হয়েছে। সাংসদ আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে অনলাইনের মাধ্যমে দেশে-বিদেশে শ্রমিকদের নির্যাতনের অভিযোগ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭০২ ঘ.