ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
এ বিষয়ে পরিষদের সভাপতি নিস্কৃত হাগিদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত জুন মাসে সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিল-২০১০ পাস হয়েছে। এ আইনে আদিবাসীদেরকে 'ক্ষুদ্র নৃগোষ্ঠী' বলা হয়েছে, যা অপমানজনক। এ ছাড়া আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ২৭টি বলা হয়েছে। অথচ প্রকৃত সংখ্যা হলো ৪৫।
তিনি উপরোক্ত 'ভুল' সংশোধন করে আইনটিকে সব আদিবাসীর কাছে গ্রহণযোগ্য করে তোলার দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মও ওয়াই চিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক চঞ্চনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দান , প্রথাগত ভূমি অধিকারের নিশ্চয়তা প্রদান এবং পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রভৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24