২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ায় দুটি সোয়েটার কারখানায় কর্মবিরতি

মজুির বাড়ানোর দাবিতে আবারো আশুলিয়ায় দুটি সোয়েটার কারখানার শ্রমিকরা রোববার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 01:42 PM

সাভার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুির বাড়ানোর দাবিতে আবারো আশুলিয়ায় দুটি সোয়েটার কারখানার শ্রমিকরা রোববার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। উপজেলার কাঠগড়া এলাকার 'নাইট কুইন সোয়েটারর্স' ও পল্লী বিদ্যুত এলাকার 'ওশেন গেট সোয়েটার লিমিটেড'র শ্রমিকরা এ বিক্ষোভ করে। আশুলিযা থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইট কুইন সোয়েটারর্স কারখানার প্রায় দেড়শ শ্রমিক শনিবার সকাল থেকে মজুরি বৃদ্ধির জন্য দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করে। ওই দিন কোন ফয়সালা না হওয়ায় শ্রমিকরা বাড়ি চলে যায়। রোববার সকাল থেকে শ্রমিকরা কারখানায় এসে একই দাবিতে আবারও আন্দোলন করতে থাকে।" দুপুরে কর্তৃপক্ষ মজুরি বাড়ানো হবে না জানালে শ্রমিকরাও জানায় তারা আর কাজ করবে না। এরপর কর্তৃপক্ষ আগামি ২৪ জুলাই তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে দুপুরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যায়। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম হায়দার জানান, সোমবার থেকে যথারিতি কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলবে। ওদিকে ওশেন গেট সোয়েটার লিমিটেডের শ্রমিকরাও একই দাবিতে রোববার কর্মবিরতি ও বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা ব্যর্থ হলে বিকালে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৮৫৬ ঘ.