২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন পাস হলেই ভিওআইপি লাইসেন্স: রাজু

টেলিযোগাযোগ সংশোধনী আইন সংসদে পাস হওয়ার পরই জুলাই-আগস্ট থেকে ভিওআইপি লাইসেন্স প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 01:42 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ সংশোধনী আইন সংসদে পাস হওয়ার পরই জুলাই-আগস্ট থেকে ভিওআইপি লাইসেন্স প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। রোববার বিকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে শাহরিয়ার আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান। রাজিউদ্দিন রাজু বলেন, "ভিওআইপি লাইসেন্স প্রদান বর্তমানে বন্ধ রয়েছে। টেলিযোগাযোগ সংশোধনী আইনটি সংসদে পাস হওয়ার পর লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।" মন্ত্রী জানান, টেলিযোগাযোগ সংশোধনী আইনটি আজই (রোববার) সংসদে উপস্থাপন করা হবে। এ বি এম আশরাফ উদ্দিন নিজান এর এক লিখিত প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী সংসদকে জানান, মোবাইল অপারেটর থেকে বর্তমানে বিটিআরসি মোট ৬০৭ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। জাতীয় রাজস্ব বোর্ড মোবাইল কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের কর ও ভ্যাট আদায় করে। তিনি আরও জানান, বেসরকারি মোবাইল কোম্পানিগুলোতে সরকারের কোনো অংশীদারিত্ব নেই। টেলিটক বাংলাদেশ লিমিটেড সরকারের শতভাগ মালিকানাধীন একটি কোম্পানি। ২০০৯-১০ অর্থবছরে টেলিটক সর্বমোট ৫৬ কোটি ১২ লাখ টাকা রাজস্ব আয় করেছে। আরেক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন রাজু বলেন, বন্ধ করে দেওয়া চারটি পিএসটিএন টেলিফোন অপারেটরের ২০০৮ সালের ৮ আগস্ট পর্যন্ত মোট বিনিয়োগ ছিলো ৬৬৪ কোটি টাকা। এর মধ্যে ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের ১২২ কোটি টাকা, র‌্যাংকস টেলিকম লিমিটেড ২৪০ কোটি টাকা, ন্যাশনাল টেলিকম লিমিটেড ১৪৬ কোটি টাকা ও পিপলস টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর ১৫৬ কোটি টাকা। বিনিয়োগকৃত এই বিপুল পরিমাণ অর্থ টেলিফোন অপারেটরদের মাধ্যমে পুনরায় বিনিয়োগের উদ্যোগ সরকারের বিবেচনাধীন আছে। বিকাল ৫টা ১০ মিনিটে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। দীর্ঘ ১০দিন বিরতির পর বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/১৮৩০ ঘ.