ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ সংরক্ষণ না করা কেনো অবৈধ ঘোষণা করা হবে না সরকার ও পুলিশের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
এ পদে (এসআই) মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য শতকারা ৩০ ভাগ কোটা পূরণে কেনো নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত।
গোপালগঞ্জের নাজমুল হুদাসহ এসআই পদে পরীক্ষার্থী সাত মুক্তিযোদ্ধা সন্তানের রিট আবেদনে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
সরকারের আইন সচিব, সংস্থাপন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ আট জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ৮ ফেব্রুয়ারি পুলিশের এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। চলতি বছরের ৮ জুন এ পদে ৯৭১ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়।
রিট আবেদনে বলা হয়, ১৯৯৭ সালের ১৭ মার্চের আদেশ অনুযায়ী সরকারি নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে (দ্বিতীয়-চতুর্থ শ্রেণী) নিয়োগে শতকারা ৩০ ভাগ কোটা অনুসরণ করতে হবে। এক্ষেত্রে ৩০ ভাগ কোটা অনুযায়ী ২৯১ জন মুক্তিযোদ্ধা সন্তান নিয়োগ পাওয়ার কথা ছিলো। কিন্তু নেওয়া হয়েছে ১৯২ জনকে যা শতকরা ১৯ ভাগ।
রিট আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ ও তপন কুমার বেপারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/জিএনএ/১৬৪০ ঘ.
bdnews24