২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল সরবরাহ না করলে সনদ বাতিল: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রণোদনার দাবিতে আন্দোলনের নামে যে সব চালকল মালিক সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ রাখবে তাদের সনদ বাতিল করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রণোদনার দাবিতে আন্দোলনের নামে যে সব চালকল মালিক সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ রাখবে তাদের সনদ বাতিল করা হবে। তিনি বলেছেন, তাদেরকে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতেই হবে। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "চালকল মালিকদেরকে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতেই হবে। কারণ, তারা চুক্তি করেছেন। তারা এ চুক্তি করেছেন একটি সার্বভৌম সরকারের সঙ্গে। এ চুক্তি তারা ভঙ্গ করতে পারেন না। চুক্তি ভঙ্গ করলে সরকার সনদ বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।" তবে খাদ্যমন্ত্রীর হুশিয়ারি সম্পর্কে আন্দোলনে থাকা চালকল মালিকদের সংগঠন বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহ্বায়ক কে এম লায়েক আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ইচ্ছা করলেই সনদ বাতিল করতে পারে। প্রয়োজনে চালকল বন্ধ, মামলা, গ্রেপ্তার ও সাজাও দিতে পারে।" তিনি বলেন, "কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে আন্দোলন থেকে সরবে না চালকল মালিকরা। কারণ, এটা আমাদের বাঁচা-মরার প্রশ্ন, লাভ-লোকসানের প্রশ্ন। আমরা মন্ত্রীর সঙ্গে ইতোপূর্বে আলোচনা করেছি, তিনি অনেক সহানুভূতিশীল ছিলেন। আশা করি তিনি সহানুভূতির সঙ্গেই বিষয়টি বিবেচনা করবেন।" কে এম লায়েক আলী আরো বলেন, "দেশের ১৭ হাজার চালকল মালিকের মধ্যে প্রায় আট হাজার মালিক সরকারের সঙ্গে চুক্তি করেছে। এত মালিকের সনদ বাতিল করলে সরকার চাল পাবে কোথায়? আশা করি সরকার এ ব্যাপারে আরো বিবেচনা করবে।" লায়েক আলী বলেন, "ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এটাকে তারা ইতিবাচক হিসাবে দেখছেন। রোববার সন্ধ্যার পর সমিতির নেতারা আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।" সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আরো বলেন, "তারা সরকারের সঙ্গে চুক্তি করেছে। এরপরও তাদের তিন টাকা প্রণোদনা দিয়ে চালের কেজি ২৮ টাকা করা হয়েছে। তারপরও তারা চাল দেবে না, এটা হতে পারে না। তারা যদি চালকল চালায়, তবে তাদের চাল দিতেই হবে।" তিনি বলেন, দামের কারণে যারা চাল দিতে পারেনি, তাদের সহায়তা দিতেই এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সরবরাহ করা চালের ব্যাপারে সরকারের কিছু করার নেই। মন্ত্রী বলেন, যারা আগে দিয়েছে, তারা প্রণোদনা পাচ্ছে না- এটা ঠিক, তবে তাদের ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোসহ অন্য সুবিধা দেওয়া হবে। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে চাল সরবরাহ স্বাভাবিক রাখবে। চালকল মালিকদের কেজি প্রতি তিন টাকা প্রণোদনা দেওয়ায় বাজারে চালের দাম বাড়ার কথা অস্বীকার করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাংলাদেশের চেয়ে বেশি। তাই বাংলাদেশে চালের দাম স্বাভাবিকভাবে কিছুটা বেড়েছে। না হলে বাংলাদেশের চালের ভারসাম্য রক্ষা করাও কঠিন। রোববার থেকে দেশের সকল সরকারি গুদামে চুক্তির চাল সরবরাহ বন্ধ রেখেছে চালকল মালিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/ ১৬১১ ঘ.