২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওড়াকান্দি-মাওয়া ঘাটে তীব্র যানজট

মাওয়া-কাওরাকান্দি রুটের হাজরা-কাঁঠালবাড়ি ক্রস চ্যানেল নাব্যতা সংকটের কারণে বন্ধ হওয়ায় উভয় ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

মাদারীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওরাকান্দি রুটের হাজরা-কাঁঠালবাড়ি ক্রস চ্যানেল নাব্যতা সংকটের কারণে বন্ধ হওয়ায় উভয় ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে এ রুটের ১০ টি ফেরি বাড়তি ৫ কিলোমিটার পথ ঘুরে চলাচল করায় সময় বেশি লাগছে। ফলে উভয় ঘাটে ৫ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এ কারণে যাত্রীদের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। চালু চ্যানেলেও নাব্যতা কম থাকায় ফেরিগুলো অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করায় সময় বেশি লেগে যচ্ছে। ঝিনাইদহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই ট্রাকের চালক দয়াল বেপারী বলেন, "ঘাটেতো আমি সকাল ৬ টার দিকে আইস্যা বইয়া রইছি, কোন সময় যে ঢাকার কারওয়ান বাজারে যামু জানি না।" কুয়াকাটা থেকে ঢাকার যাত্রী খালেদা খানম অভিযোগ করে বলেন, "কাওড়াকান্দি ঘাটে মহিলাদের জন্য কোন টয়লেটের ব্যবস্থা না থাকায় নারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। সরকারের উচিত এখানে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা।" কাওড়াকান্দি ঘাট কর্মকর্তা মো. শাহনেওয়াজ বলেন, "হাজরা চ্যানেল শুক্রবার বন্ধ হয়ে যাওয়ায় এখন জাজিরা হয়ে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল করছে। ফলে আগে যেখানে ১ ঘন্টা সময়ের মধ্যে পার হওয়া যেত এখন সেখানে একটি ফেরি পার হতে অতিরিক্ত ২ ঘন্টা সময় লাগছে। এই বাড়তি সময়ের কারণে দুই ঘাটে শুক্রবার থেকেই যানজট লেগে আছে।" তিনি বলেন, "শনিবার বেলা ১২ টা পর্যন্ত কাওড়াকান্দি ঘাটে মালবাহী প্রায় একশত ট্রাক ও বিভিন্ন রুটের কয়েক শ যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও অন্যান্য গাড়ী পারাপারের অপেক্ষায় রয়েছে।" তিনি আরো বলেন, "নৌপরিবহন মন্ত্রী বলেছেন শিগগিরই হাজরা চ্যানেল খনন করে আগের মতো খুলে দেওয়া হবে।" বিআইডব্লিউটিসি'র কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, "বর্তমানে ঘাটে ১০ টি ফেরি চলাচল করছে। তবে আগের চেয়ে পারাপারে এখন অতিরিক্ত ২ ঘন্টা সময় বেশি লাগার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া আমাদের এখানের দুটি ফেরি মেরামতের জন্য নারায়নগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। সেগুলো নিয়ে আসা হলে এবং আরো কয়েকটি ফেরি দেওয়া হলে যানজট কমে যাবে।" পা"ঁচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বলেন, "ফেরিঘাটে দুইদিন ধরে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। তবে আমাদের পুলিশ সেখানে রয়েছে যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০২ ঘ.