ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম ২৪ জুলাই সারা দেশে বিভাগীয় শহরে মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।
এ ছাড়া ৬ আগস্ট জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। উভয় কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালন করা হবে।
শনিবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সেক্টর কমান্ডারস ফোরাম এই কর্মসূচি ঘোষণা করে। সুপ্রিম কোর্ট থেকে শাহবাগ পর্যন্ত মানববন্ধনের ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শনিবার বেলা ১১টায় শুরু হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, "দেশের মানুষ দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার চায়। বর্তমান সরকার তাদের বিচার শুরু করেছে। আশা করি এ বিচার দ্রুত শেষ হবে।"
যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্র সম্পর্কে দেশের প্রত্যেক নাগরিককে সচেতন করার এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাংসদ রাশেদ খান মেনন বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার না হলে এ জাতি কলঙ্কমুক্ত হবে না। অবিলম্বে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানান তিনি।"
জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, "যুদ্ধাপরাধীরা নানা কৌশলে বিচার প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করছে। কিন্তু জনগণের আন্দোলনে তাদের এ অপচেষ্টা সফল হবে না।"
সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ম হামিদ, লিয়াকত আলী লাকী, নারী নেত্রী শিরীন আখতার প্রমুখ মানববন্ধনে যোগ দেন।
সমাবেশের সঞ্চালক নাট্যব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ম হামিদ মঞ্চে ঘোষণা দেন, একই দাবিতে আগামী ২৪ জুলাই সারা দেশের বিভাগীয় শহর এবং ৬ আগস্ট জেলা শহরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এতে যোগ দেয়।
মানববন্ধন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণীর মানুষ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/কেএমএস/১৪১৪ ঘ.
bdnews24