২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী পার্থ প্রতীমকে জেবিএফএইচ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রবাসী বাংলাদেশী মুকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদারের আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশী মুকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদারের আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)। এ বছর একুশে পদকে ভূষিত এই শিল্পী বাংলাদেশে অবস্থানকালে এই হাসপাতালে বিনামূল্যে তার যাবতীয় চিকিৎসা সেবা পাবেন। ধানমণ্ডির জেবিএফএইচ মিলনায়তনে শুক্রবার শিল্পীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সরদার এ নাঈম এ ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এই মুকাভিনয় শিল্পীর ভূয়সী প্রশংসা ও তার দীর্ঘজীবন কামনা করে বলেন, পার্থপ্রতীম শুধু ফ্রান্সেই নয়, গোটা বিশ্বেই বাংলাদেশের দূত হিসেবে কাজ করছেন। তার কর্মকাণ্ড বাংলাদেশ ও ফ্রান্স ছাড়িয়ে এখন সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। তথ্য কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে প্রধান তথ্য কমিশনার বলেন, যেকোন ক্ষেত্রে তথ্য চেয়ে ব্যর্থ হলে কোন ব্যক্তি কমিশনের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। কমিশন এ বিষয়ে বিচারকের ভূমিকা পালন করে ওই ব্যক্তির তথ্য অধিকার নিশ্চিত করবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, কমিশন শিগগিরই ঘরে বসেই তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে একটি পোর্টাল চালু করবে। এর মাধ্যমেই সাধারণ মানুষ তার প্রয়োজনীয় তথ্যের জন্য আবেদন করতে পারবে। আবেদনের ২০ দিনের মধ্যেই তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। আর এর অন্যথা হলে কমিশন হস্তক্ষেপ করে তথ্য পেতে সহায়তা করবে। সংবর্ধনার জবাবে পার্থপ্রতীম মজুমদার বলেন, জেবিএফএইচ'র এ উদ্যোগ গুণীজনদের আরো সম্মানিত করবে। তিনি সবাইকে নিজ নিজ ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাস গুপ্ত, উপস্থাপক জিল্লুর রহমান, জেবিএফএইচ'র চেয়ারম্যান ডা. জোনাইদ শফিক ও পরিচালক ডা. এসএম শহিদুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৩ ঘ.