সাভার, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আশুলিয়ায় এক ট্রাফিক পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগে সরকার দলীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
ট্রাফিক পুলিশ সার্জেন্ট শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি করেন।
ঢাকা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনার পর বৃহস্পতিবার রাতে আমরা সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে মামলাটি নিয়েছি। নিয়ম অনুযায়ী এটি তদন্ত করা হবে।"
ট্রাফিক পুলিশ সার্জেন্ট শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া সেতুটি ভাঙ্গা থাকায় গত ৩০ জুন বিকাল সাড়ে ৫টার দিকে যানযটের সৃষ্টি হয়।
সে সময় সেখানে দায়িত্ব পালনকালে কয়েক ব্যক্তি তাকে ডেকে যানযট সৃষ্টির কারণ জানতে চান।
তিনি বলেন, হঠাৎ সাংসদ ইলিয়াস উদ্দিন তার শার্টের কলার ধরে টেনে-হেচঁড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার গালে থাপ্পড় মারেন।"
ঘটনাটি তিনি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানান।
আইজিপি নূর মোহাম্মদের নির্দেশে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় পুলিশকে মারধর ও কাজে বাধা সৃষ্টির অভিযোগে মামলা করেন বলে সার্জেন্ট শরিফুল জানান।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সংসদ সদস্য ইলিয়াস উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24