২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়া স্কয়ার হাসপাতালের আইসিইউতে

গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সোয়া আটটার দিকে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এর আগে সিঙ্গাপুর থেকে মান্নান ভূঁইয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা পৌঁছে। ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বিমানবন্দর থেকে মান্নান ভুঁইয়াকে অ্যাম্বুলেন্সে করে স্কয়ার হাসপাতালে আনার পথে দীর্ঘ যানজটের সম্মুখীন হতে হয়। তার ছোট ছেলে ভুঁইয়া নন্দিত নাহিয়ান সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানজট ডিঙিয়ে বিমান বন্দর থেকে আসার পথে বিজয়ী সরণির কাছে অক্সিজেন শেষ হয়ে যায়। আরেকটি অক্সিজেন সিলিন্ডার লাগানো হলেও তাও শেষ পর্যায়ে নেমে আসে। এরকম অবস্থায় অ্যাম্বুলেন্সটি কোনোভাবে হাসপাতালের অভিমুখে যেতে পারছিলো না। ওই সময় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। টেলিফোনে তিনি বিষয়টি জানলে নিজের পুলিশ প্রটেকশন গাড়িটি অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে উল্টো পথ দিয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে পৌঁছে দেন। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে চিকিৎসক অক্সিজেন শেষ পর্যায়ে এসে পৌঁছালে পাম্প করে বাড়তি অক্সিজেন দিচ্ছিলেন। স্কয়ার হাসপাতালে পৌঁছানোর সঙ্গে দ্রুত চিকিৎসকরা মান্নান ভূঁইয়াকে ৫ ম তলা নিয়ে আইসিইউতে নিয়ে যায়। মান্নান ভূঁইয়াকে একনজর দেখার জন্য সন্ধ্যার পর থেকে স্কয়ার হাসপাতালে তার নির্বাচনী এলাকায় কয়েকশ সমর্থক, সাবেক হুইপ আশরাফ হোসেনসহ কয়েজন সাংসদ, সাবেক কয়েকজন উপাচার্যও উপস্থিত ছিলেন। হাসপাতালে মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম ও তার আত্বীয় স্বজনরা ছিলেন। পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। সর্বশেষ কেমো থ্যারাপি দেওয়ার পর থেকেই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারছেন না তিনি। এরপর তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার থেকে মান্নান ভুঁইয়াকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। ন্যাশনাল ইউনির্ভাসিটির চিকিৎসকদের পরামর্শ ক্রমে মান্নান ভুঁইয়াকে দেশে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেওয়া হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে গত জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলে। এ পর্যন্ত তিনি দুই দফা সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল মান্নান ভুঁইয়া দেশে ফিরে আসেন। চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২৫ ঘ.