২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিনে ৮৫ ট্রলারে ডাকাতি, গুলিতে নিহত ১

গত তিনদিনে বঙ্গোপসাগরের সুন্দরবন ও পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় অন্তত ৮৫টি মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুরা চারটি ট্রলারসহ শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 05:41 PM

Updated : 25 Aug 2022, 01:23 PM

বরগুনা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত তিনদিনে বঙ্গোপসাগরের সুন্দরবন ও পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় অন্তত ৮৫টি মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুরা চারটি ট্রলারসহ শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন গঙ্গামতি ও নারিকেলবাড়িয়া এবং দুবলার চরের ভেদাখালীতে ডাকাতির ঘটনা ঘটে। অপহৃত হন ৬৭ জেলে। সোমবার পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় সাগরে অন্তত ৫০টি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হন একজন। ডাকাতরা অন্তত ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, অপহরণ করা ৬৭ জেলের মুক্তিপণ হিসেবে ৪১ লাখ টাকা দাবি করেছে ডাকাতরা। ডাকাতদের কবল থেকে ফিরে আসা জেলে জয়নাল আবেদীন জানান, সুন্দরবনের রাজু, আব্বাস ও আকাশ এই তিন বাহিনী রোববার রাত থেকে মাছধরা ট্রলারে ডাকাতি শুরু করে। তারা তিনদিনে জাল, মাছ, জ্বালানিসহ ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, তিন দস্যুবাহিনী একত্রিত হয়ে ডাকাতি শুরু করেছে। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গঙ্গামতি ও নারিকেলবাড়িয়া এলাকায় ১৯টি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা নবী হোসেন, কাইউম, লোকমান হোসেন, দুলাল, আবুল বাশার, আল আমিন, আলম মাঝি, গোলাম মোস্তফা, শাহ আলম, জলিল, ফোরকান, জালাল, হালিম, বেলাল, আবু হানিফ, বাচ্চু, বারেক, বাদলসহ ২২ জনকে অপহরণ করে নিয়ে গেছে। এছাড়া দুবলার চরের ভেদাখালী খালে নোঙ্গর করা ১৬টি জেলে ট্রলার থেকে ১০ লাখেরও বেশি টাকার ইলিশ মাছ নিয়ে গেছে। ৪৫ জেলের মুক্তির বিনিময়ে তারা ৩০ লাখ টাকা দাবি করেছে। এখানে অপহৃত ৪৫ জনের মধ্যে কালু মাঝি, মোকসেদ আলী, নারায়ণ চন্দ্র ও নুরুল ইসলামের নাম জানা গেছে। ট্রলার মালিক বিনয় কুমার ও সুখরঞ্জন জানান, অপহৃত জেলেদের মুক্তির জন্য জলদস্যুরা ৩০ লাখ টাকা দাবি করছে। পাথরঘাটা কেস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মুশফিকুর রহমান ট্রলার ডাকাতি ও জেলে অপহরণের কথা স্বীকার করেছেন। তিনি জানান, জেলেদের উদ্ধারের জন্য পশ্চিম জোনে সিজিএস বগুড়া ও দক্ষিণ জোনে কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান শুরু করেছে। পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ৫০টি মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে ফারুক নামে এক মাঝির মৃত্যু হয়েছে। কালু নামে অপর এক জেলেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ডাকাতরা অন্তত ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সোমবার কুয়াকাটা থেকে ৬-৭ ঘণ্টা ট্রলার চালিয়ে ৫০টির মতো ট্রলার মাছ ধরতে যায়। সন্ধ্যায় বেশ কয়েকটি ট্রলারে ডাকাতরা আগ্নেয়াস্র সজ্জিত হয়ে অর্ধশত জেলে ট্রলারে লুটপাট চালায়। ফিরে আসা এফবি আলাউদ্দিন, এফবি ফুলকুমারী ও সমিতি-৩৯ ট্রলারের জেলেরা জানান, অর্ধশত জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। মহিপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, তিনি ডাকাতির কথা শুনেছেন। আহত গুলিবিদ্ধ জেলেকে দেখতে হাসপাতালে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩৯ ঘ.