পাবনা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট রিলিফ কর্মসূচির (টিআর) আওতায় পাবনা পৌরসভার ৭৬টি উন্নয়ন প্রকল্পের ১৫২ মেট্রিক টন গম ফেরত গেছে।
পাবনার জেলা প্রশাসক, সদর আসনের সংসদ সদস্য ও পাবনা পৌরসভার মেয়রের ত্রিমুখী দ্বন্দ্বের কারণে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে তারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
জেলা প্রশাসন জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত অর্থবছরের (২০০৯-১০) টেস্ট রিলিফের আওতায় পাবনা পৌরসভার অধীনে ৭৬টি প্রকল্প বাস্তবায়নে শেষ মুহূর্তে ১৫২ মেট্রিক টন গম বরাদ্দ করা।
৩০ জুন ছিলো এসব প্রকল্প বাস্তবায়নের শেষ সময়।
প্রকল্পগুলো নিয়ে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
সাংসদ ও মেয়র আলাদা আলাদা প্রকল্প তৈরি করে জেলা প্রশাসকের কাছে জমা দেন।
এর মধ্যে পৌরসভার টিআর কমিটির উপদেষ্টা হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ গোলাম ফারুক ৫৯টি প্রকল্প সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে পাঠান।
জেলা প্রশাসক প্রকল্পগুলো যাচাইয়ের জন্য পৌর মেয়রের কাছে পাঠান। মেয়র কাউন্সিলরের মাধ্যমে তদন্ত করে দেখতে পান যাদেরকে দিয়ে এসব প্রকল্প কমিটি করা হয়েছে তারা বিষয়টি জানেন না। এমনকি যে স্বাক্ষরে প্রকল্পগুলো জমা দেওয়া হয়েছে সেসব স্বাক্ষরও সংশ্লিষ্টদের নয়। বিষয়টি পৌর মেয়র জেলা প্রশাসককে লিখিতভাবে জানান।
পরে সাংসদ ও মেয়র সমঝোতা করে আরেকটি তালিকা জেলা প্রশাসককে পাঠান। এভাবে ফাইল চালাচালি করতে করতে জুন মাসের ৩০ তারিখ পার হয়ে যায়। এ কারণে ১৫২ মেট্রিকটন গম ফেরত চলে যায়।
এ ব্যাপারে সাংসদ গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা প্রশাসক বিএনপি-জামায়াতের সমর্থক। পৌর মেয়রও বিএনপির নেতা। তারা দু'জন যোগসাজশ করে তাকে জনগণের কাছে হেয় করতে সুকৌশলে এই গম ফেরত পাঠিয়েছে।"
জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, "পৌরসভার অধীনে সব প্রকল্পের দায় দায়িত্ব পৌর মেয়রের। সাংসদ যেসব প্রকল্প জমা দিয়েছেন তা যাছাই করতে গিয়ে অনেক ভুয়া প্রকল্প ধরা পড়েছে।"
জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির বলেন, প্রথম শ্রেণীর পৌরসভার মেয়রের পদমর্যাদা জেলা প্রশাসকের সমান এবং পৌর বিধি মতে মেয়রই সর্বেসর্বা। তাই মেয়রের তালিকাকে অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই।
তিনি বলেন, "গম ফেরত যাওয়ার ব্যাপারে রাজনৈতিক নেতৃত্ব দায়ী। যথা সময়ে প্রকল্প দাখিল করতে না পারায় গম ফেরত দিতে হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24