ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের ধৈর্য ধরার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেতন কাঠামোর ব্যাপারে মালিকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই শ্রমিকদের জন্যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
যুবমহিলা লীগের অষ্টম ও মহিলা শ্রমিক লীগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "শ্রমিকদের যে পরিমাণ মজুরি দেওয়া হয় তা দিয়ে তাদের চলে না। কিন্তু ভাংচুর করে তাদের কোনো লাভ হবে না। কারণ ভাংচুরের ফলে বেশিরভাগ মালিকেরই কোনো ক্ষতি হয় না। তারা বীমা থেকে ক্ষতিপূরণ পেয়ে যান। অথচ ভাঙচুরের মাশুল গুণতে হয় শ্রমিকদেরই।"
বেতন কাঠামোর ব্যাপারে মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সরকার শিগগিরই শ্রমিকদের জন্যে ন্যূনতম মজুরি ঘোষণা করবে। বলেন তিনি।"
একই ধরনের কাজ করে পুরুষের তুলনায় মহিলা শ্রমিকদের পারিশ্রমিক কম পাওয়ার বিষয়টি উল্লেখ করে হাসিনা বলেন, "সরকার এ ধরনের বৈষম্য দূর করার জন্যে কাজ করছে।"
তিনি পোশাক শিল্প কারখানায় ভাংচুরে উস্কানিদাতাদের সম্পর্কে সজাগ থাকারও আহবান জানিয়েছেন।
চারদলীয় জোট সরকারের সময়ে বিএনপি নীতিনির্ধারকেদের দুর্নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "যে কোনো মূল্যে দুর্নীতি-বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারণ দুর্নীতি মুক্ত না হলে দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়।"
কর্মক্ষেত্রে মহিলারা দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শিক্ষা-দীক্ষায় মেয়েদের যোগ্য করে তুলে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগনোর জন্যে মহিলাদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, "আমাদের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন মহিলা। তাদের পারফরমেন্সও ভালো। গত নির্বাচনে একমাত্র আওয়ামী লীগই ১৭ জন মহিলাকে মনোনয়ন দিয়েছিল। এদের মধ্যে একজন বাদে সবাই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।"
প্রধানমন্ত্রী বিদ্যুৎ সমস্যা সমাধানে ও খাদ্য নিরাপত্তা গড়ে তোলার ব্যাপারে আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, "আমরা ইনশাল্লাহ সফল হবো।"
প্রধানমন্ত্রী চার দলীয় জোট সরকারের সময়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে হাইকোর্টের নির্দেশে কমিশন গঠন করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী সংগঠনকে শক্তিশালী করার জন্য যুবমহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের প্রতি আহবান জানিয়ে বলেন, সরকারের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্যে অবশ্যই শক্তিশালী সংগঠন দরকার। তার ওপরই নির্ভর করে সরকারের সফলতা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার, সাধারণ সম্পাদক অপু উকিল এবং মহিলা শ্রমিক লীগের সভানেত্রী রওশন জাহান সাথী ও সাধারণ সম্পাদিকা সামসুন্নাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৭০০ ঙ.
bdnews24