২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হালিশহরে ভাঙচুর: ১৪৩ শিবিরকর্মী কারাগারে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হালিশহর ও আগ্রাবাদে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার শিবির কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য পৃথক রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ১৪৩ শিবিরকর্মীর মধ্যে ১১৯ জনকে সোমবার বিকালে হালিশহর ও ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় মহানগর হাকিম ওসমান গণির আদালতে হাজির করা হয়। এর মধ্যে হালিশহর থানার মামলায় গ্রেপ্তার দেখানো ১৬ জনের প্রত্যেককে ১০ দিন ও ডবলমুরিং থানায় দায়েরকৃত মামলায় ১১৬ জনকে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর হাকিম পৃথক দুটি মামলায় শুনানি শেষে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, সেইসঙ্গে আদালত উভয় মামলার রিমান্ড শুনানির দিন আগামী বৃহস্পতিবার ধার্য করে মামলার কাগজপত্রসহ বিস্তারিত বিবরণ আদালতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। গ্রেপ্তারকৃত অপর ২৪ জনকে মহানগর আইনের বিভিন্ন ধারায় আদলতে হাজির করা হয় বলে পুলিশ কর্মকর্থা নির্মলেন্দু জানান। এর আগে বিকাল সাড়ে চারটা নাগাদ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার ছাত্র শিবিরের কর্মীদের আদালত ভবনে নিয়ে আসা হয়। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীর হালিশহরে ছাত্র শিবিরের ৫০-৬০ জন কর্মী রোববার বিকাল ৪টার দিকে মিছিল বের করে। হালিশহর থেকে আগ্রাবাদ এক্সেস রোড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মিছিল কালে তারা ব্যাপক ভাংচুর চালায়। প্রায় সাড়ে ৪টা পর্যন্ত অধাঘন্টা সময় ধরে তাণ্ডবকালে তারা অর্ধশতাধিক গাড়ি, ২০টি দোকান ও কমিউনিটি সেন্টার ভাংচুর করে। এসময় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়। সিএমপি'র সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন মিছিলকারীরা ভাঙচুর চালিয়ে বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। এর প্রেক্ষিতে সারারাত অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করা হয়। হালিশহর ও ডবলমুরিং থানা পুলিশ জানায়, এর মধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ২০ জন, বাকলিয়া থানা ১৬, বন্দর থানা ২০, ডবলমুরিং থানা ২৬, পাঁচলাইশ থানা ২, পতেঙ্গা থানা ৬, খুলশী থানা ৮, চান্দগাঁও থানা ২, হালিশহর থানা ১৬, পাহাড়তলী থানা ৪ ও বায়েজিদ থানা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নগরের ১২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি নাছির উদ্দিন (৫৫) ও একই ওয়ার্ডের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাফর আহমেদ, সীতাকুণ্ড থানা ছাত্র শিবিরের সদস্য আশরাফ উদ্দিন (২৮) ও মোহাম্মদ মাসুদও (২৫) রয়েছেন। পুলিশ কর্মকর্তা তানভীর আরাফাত আরও জানান, রোববারের ঘটনায় ডবলমুরিং থানায় দন্ডবিধি ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৩২ ও ৩৫৭ ধারা এবং বিষ্ফোরক আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে মামলা করা হয়। এতে সুনির্দিষ্ট আসামী দেখানো হয় ১৫৮ জনকে। একই ঘটনায় সন্ত্রাস দমন আইনে হালিশহর থানায় দায়ের করা মামলায় আসামী করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। এর মধ্যে ১৬ জনকে সুনির্দিষ্ট আসামী দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৩ ঘ.