ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সিলেট সীমান্তে বাংলাদেশীদের ওপর ভারতীয় খাসিয়াদের হামলার ঘটনার পর সোমবার ভারতীয় হাই কমিশনার রজিত মিত্রের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
প্রতিমন্ত্রী বৈঠকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীকে নিজ নিজ দেশের জনগণকে শান্তিপূর্ণভাবে বসবাসে উদ্বুদ্ধ করার আহ্বান জানান ।
রোববার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তের মিনাটিলায় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিন বাংলাদেশী কৃষক আহত হন। এছাড়া খাসিয়াদের ছোঁড়া তীরে আহত হয়েছে আরো ৭ বাংলাদেশী।
সচিবালয়ে বৈঠকের পর শামসুল হক টুকু সাংবাদিকদের জানান, এধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানো হবে।
তিনি বলেন, "হামলার বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। দুই দেশের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্র"পের আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।"
বাংলাদেশ-ভারত নিবিড়ভাবে কাজ করার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে জানিয়ে টুকু বলেন, "সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী উভয় দেশের অধিবাসীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য বিএসএফ ও বিডিআরকে নির্দেশ দেওয়া হবে।"
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান, দীর্ঘদিন ধরে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্র"পের বৈঠক না হওয়ায় দুই দেশের মধ্যে বেশ কিছু সমস্যার নিষ্পত্তি হয়নি। আগামী সেপ্টেম্বরের দিকে বৈঠকে এসব বিষয়ে স্থায়ী সমাধান আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এইচএ/২০০০ ঘ.
bdnews24