ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা, গোপালগঞ্জে ও বরিশালে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
এর মধ্যে বরগুনা ও গোপালগঞ্জে সোমবার এবং বরিশালে রোববার রাতে দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, জেলার কলাপাড়া-পটুয়াখালী সড়কের তালুকদারহাট বাজারের কাছে সকালে বাস চাপায় নিহত হন কলেজ শিক্ষক মো. ফারুক হোসেন হাওলাদার (৪৫)।
তিনি মহিষকাটা ইউনুস আলী খান কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক। বাড়ি আমতলী উপজেলার মাইঠা গ্রামে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার পথে ঢাকা থেকে কলাপাড়াগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমতলী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বাসটি কলাপাড়ায় আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
গোপালগঞ্জ প্রতিনধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় ট্রাক চাপায় নিহত হন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল মান্নান (৮০)।
আব্দুল মান্নানের বাড়ি কাশিয়ানীর ঘোনাপাড়া গ্রামে।
কাশিয়ানী থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, সাকাল সাড়ে ৬টায় বাজারে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বরিশাল প্রতিনিধি জানান, বরিশালের মেহেন্দিগঞ্জের চাঁনপুরে শ্যালো ইঞ্জিন চালিত টেম্পো ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত হয়েছেন সাইফুল ইসলাম (২৮)।
তিনি মধুমিতা ফুড প্রডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব রাজাপুরে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. ইউনুচকে (২২) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার রাত ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. সোহরাব আলী প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, উপজেলার উলানিয়া বাজার থেকে ভাড়ার মোটরসাইকেলে সাইফুল পাতারহাট বন্দরে তার যাচ্ছিলেন। রাত ১১টায় বিপরীতমুখী একটি টেম্পোর সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। আহত দু'জনকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
সোমবার ভোর রাত ৪টায় বরিশাল শেবাচিম হাসপাতালে সাইফুল মারা যান।
ময়না তদন্তের জন্য লাশ বরিশাল মর্গে পাঠানো হয়ছে। এ ঘটনায় বরিশাল কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
টেম্পোটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24