বরগুনা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরের দুবলার চরের ভেদাখালী এলাকায় ১৬টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন।
রোববার গভীর রাতে ভেদাখালী খালে নোঙ্গর করা অবস্থায় এসব ট্রলারে হানা দেয় জলদস্যুরা। তারা প্রায় ১০ লাখ টাকার ইলিশ লুট এবং ৫০ জনেরও বেশি জেলেকে অপহরণ করেছে।
তাদের মুক্তির বিনিময়ে ৩০ লাখ টাকা দাবি করা হয়েছে। এদের বাড়ি বরগুনা, বরগুনার পাথরঘাটা উপজেলা ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়। তবে এসব জেলের কারোর নাম জানা যায়নি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের জানান, রোববার গভীর রাতে জলদস্যু রাজু ও আব্বাস বাহিনীর সদস্যরা এফবি লাবণী, শুভযাত্রা ও জয়ন্তীসহ ১৬টি ট্রলারে ডাকাতি করে।
ডাকাতি শেষে জলদস্যুরা কালু মাঝি, মোকসেদ আলী, নারায়ণ চন্দ্র, নুরুল ইসলামসহ অর্ধ শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পের কর্মকর্তা সেলিম মিয়া জানান, তারা ডাকাতি ও অপহরণের খবর শুনেছেন।
পাথরঘাটা মৎস্য ব্যববসায়ী সমিতির সভাপতি সগীর আলম জানান, অপহৃত জেলেদের স্বজনরা খোঁজখবর নিতে পাথরঘাটা মৎস্য বন্দরে ছুটে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24