সাভার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ফের পোশাক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
সহিংসতার আশঙ্কায় বিশমাইল-জিরাব সড়কের পাশে প্রায় ২৫টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার 'ম্যাকপাই সোয়েটার লিমিটেড' নামক কারখানার শ্রমিকরা ভাংচুর করে। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে ব্যর্থ হয়। আতঙ্কে বিশমাইল-জিরাব সড়কের পাশের প্রায় ২৫টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শনিবার ঘোষবাগ এলাকার 'ম্যাকপাই সোয়েটার লিমিটেডের' প্রায় ১৪শ' শ্রমিক মজুরি বৃদ্ধির দাবি জানায় কর্তৃপক্ষের কাছে। ওই দিন কারখানা কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না দেয়ায় ছুটির পর শ্রমিকরা চলে যায়।
রোববার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে একই দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে এদিন সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে বাড়ি চলে যায়।
সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে মূল ফটকের সামনে এক দিনের বন্ধের নোটিশ ঝুলানো দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে শ্রমিকরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে কারখানার কয়েকটি জানালা ও দরজার কাঁচ ভেঙ্গে যায়।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিশমাইল-জিরাব সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে ব্যর্থ হয়।
এসময় আতঙ্কে ওই সড়কের পাশে মাশকট গ্র"প, আইরিশ ফ্যাশন, এআরবি নিটিং, রেডিয়ান্স নীট ওয়্যার, জেএল সোয়েটারস, লুসাকা গ্র"প, অরুনীমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, এ্যাকটিভ কম্পোজিট লিমিটেড, সাউদার্ন গ্র"প, বেঙ্গল প্লাষ্টিক, ডিজাইন টেক্স লিমিটেড, লেদারেক্স লিমিটেড, কন্টিনেন্টাল গামের্ন্টস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, হরিজন ফ্যাশনস লিমিটেড, জেড ডিডি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডসহ প্রায় ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকাল ১০টার দিকে একদিনের জন্য ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা যে যার মত চলে যায়।
ওসি আরও জানান, কারখানায় যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৫৯ ঘ.
bdnews24