২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত কার্যালয় ভাংচুর

বরিশালের হিজলা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মীরা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 01:18 PM

বরিশাল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের হিজলা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মীরা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটনায় বলে জামায়াত নেতারা অভিযোগ করেন। তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ ঘটনায় তাদের কেউ জড়িত নয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত নেতা নিজাম-মুজাহিদ-সাঈদীর ফাঁসি ও দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। হিজলা থানার ওসি রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের মিছিল চলার সময় কে বা কারা সাইনবোর্ডবিহীন কার্যালয়টি ভাংচুর করেছে তাদের সনাক্ত করা যায়নি। হামলা ও ভাংচুরের কোনো অভিযোগ তারা এখনো পাননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। উপজেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগ কর্মীরা কার্যালয়ের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে চারটি আলমিরা, চেয়ার ও টেবিল ভাংচুর এবং বইপত্র তছনছ করেছে। লুট করেছে দুই ডজন প্লাষ্টিকের চেয়ার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু অভিযোগ অস্বীকার বলেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করেছেন। আওয়ামী লীগ ও এর সহযোগী কোনো সংগঠনের নেতাকর্মীরা হামলা ভাংচুরে জড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.