২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রতিবেদন ২ আগস্ট

ঢাকার কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

ঢাকা, ০৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেছে আদালত। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের জেষ্ঠ্য হাকিম তৈয়বুল হাসান রোববার মামলার ধার্য দিনে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন নির্ধারণ করেন। আদালত বলেন, "মামলাটিতে যেহেতু আজ (রোববার) তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি তাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হলো।" এর আগে এ মামলার প্রধান দুই আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে আদালতের কোর্ট হাজতে নিয়ে যাওয়া হয়। গত ৩০ জুন এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ খান জামায়াতের শীর্ষ নেতা নিজামী ও মুজাহিদসহ ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ২৫ নভেম্বর কেরানীগঞ্জের ভাওয়াল খান বাড়িতে বাদির আত্মীয় মুক্তিযোদ্ধা ওসমান গণি ও গোলাম মোস্তফাকে এজাহার নামীয়দের নির্দেশে আল বদর বাহিনী হত্যা করে। এ সময় তারা পাকিস্তানি বাহিনীকে নিয়ে আসে। গত মঙ্গলবার নিজামী, মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে তিনটি থানার মোট ৫টি মামলায় মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/কেএমএস/১৩৪১ ঘ.